গুলশানে বাসা নিতে মুনিয়াক ৫ লাখ টাকার চেক দেন আনভীর
গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ ছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে (২১) হত্যার পর এক মাস পেরিয়ে গেলেও মূল আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর এখনো গ্রেফতার হয়নি। ফলে পুলিশের ভূমিকা নিয়ে উদ্বেগ জানানোর পাশাপাশি অবিলম্বে বসুন্ধরা এমডিকে গ্রেফতার ও শিল্পগ্রুপটির সকল মিডিয়ার লাইসেন্স বাতিলসহ পাঁচ দফা দাবি জানানো হয়েছে।
বুধবার (২৬ মে) সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন উদ্বেগ প্রকাশ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এতে পাঁচ দফা দাবিসহ লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. সেলিম রেজার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে ভিকটিম মুনিয়ার বড় বোন ও মামলার বাদী নুসরাত জাহান তানিয়া, সংগঠনটির কেন্ত্রীয় আইন বিষয়ক সম্পাদক মো. নজর’ল ইসলাম, মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্ত্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান মাহবুব হাসান, এডভোকেট মাসুদ সালাহউদ্দিন, যুগ্ম-মহসচিব হাবিবুল্লাহ মেজবাহ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগর সভাপতি আইরিন আহমেদ ও নিহত মুনিয়ার বড় বোন নুসরাতের স্বামী মিজানুর রহমান সানি প্রমুখ উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে নুসরাত জাহান স্বীকার করেন, গত ফেব্র’য়ারি শেষ দিকে প্রেমিক মোসারাত জাহান মুনিয়াকে পাঁচ লাখ টাকার চেক দেন বসুন্ধরা এমডি সায়েম সোবহান আনভীর। ব্যাংক এশিয়ার একাউন্ট থেকে সেই টাকা দেয়া হয়। পরে ওই টাকা পদ্মা ব্যাংকে স্থানান্তর করে তিন লাখ টাকা উত্তোলন করেছিলেন মুনিয়া। এরপর আনভীরের পরামর্শে তিন লাখ টাকা উঠিয়ে গুলশানের সেই অভিজাত ফ্লাটের দুই মাসের ভাড়ার অগ্রিম বাবত দুই লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। এরপর গেল ১ মার্চ ওই ফ্লাটে উঠেন মুনিয়া, যেখানে মাঝে মধ্যে যাতায়াত করতেন আনভীর। স্বামী-স্ত্রীর মতো বসবাস করেও চরম প্রতারণা ও আমার বোনকে পরিকল্পিতভাবে খুন করেছে বসুন্ধরা এমডি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলশানের বাসায় মুনিয়াকে খুন করার পর তার বড় বোন বীর মুক্তিযোদ্ধার কন্যা নুসরাত জাহান তানিয়া বাদি হয়ে গুলশান থানায় মামলা দায়ের করেন, যার প্রধান অসামী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। এই মামলা দায়েরের পর থেকেই মুনিয়াকে চরিত্রহীন বানানো ও তার বোন তানিয়ার চরিত্র হননে অপপ্রচার, বাদী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি, মামলা প্রত্যাহারে নানা ধরণের প্রলোভনসহ ভয়-ভীতি প্রদর্শণ করায় তারা ইতি মধ্যে জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট থানায় জিডি করেছে।
মুনিয়ার ঢাকা আগমন ও অবস্থান সম্পর্কে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান লিখিত বক্তব্যে জানান, মুনিয়া ২০১৬ সালে ঢাকায় এসে মিরপুর ন্যাশনাল বাংলা স্কুলে ভর্তি হয়। সে সময় দুই বছর অর্থাত্ ২০১৮ সাল পর্যন্ত হোস্টেলে থাকে এবং এসএসসি পাশ করার পর মিরপুর ক্যান্ট পাবলিক কলেজে ভর্তি হয়ে প্রায় এক বছর ২০১৯ সাল পর্যন্ত হোস্টেলে থাকে এবং অল্প কিছুদিনের জন্য কলেজের কাছাকাছি দুই বান্ধবীর সাথে সাবলেটে থাকে। পরবর্তীতে আর্থিক প্রলোভন দেখিয়ে মুনিয়ার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন আনভীর।
তিনি আরো জানান, আনভীরের পরিবার জানলে এক পর্যায়ে পিয়াসা নামক একজন নারীর মাধ্যমে আনভীরের মা ডেকে নিয়ে মুনিয়াকে প্রাণনাশের হুমকি দেয়। ইতিমধ্যে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান তানিয়া ঘটনাটি জানলে মুনিয়াকে সে কুমিল্লায় নিয়ে আসে এবং সেখানে বোনের সাথে গত ২০২০ সালের এপ্রিল হতে ২০২১ সালের ফেব্রুয়ারী পর্যন্ত কুমিল্লায় থাকে। কুমিল্লায় বসবাসরত অবস্থায় পুণরায় যোগাযোগ হয় আনভীর ও মুনিয়ার। সে কলেজের ফর্ম ফিলাপ করতে হবে বলে বোনকে বলে ঢাকায় আসে। কুমিল্লার একটা মেয়ে সে গ্রামে বসে গুলশানে বাসা ভাড়া নেবে বা কোন বাড়িওয়ালা তার জন্য বাসা রেডি করে রাখবে এটা অসম্ভব। মূলত আনভীরই বাসা ভাড়া নেয়ার ব্যবস্থা করে দিয়েছে। ওই বাসাটি ছিল পিয়াসার বান্ধবী শারমীন শাহেদদের বাড়ী। পিয়াসা আনভীরের পরিবারের সাথে ঘনিষ্ঠ বলে আমরা জানতে পারি। রমজান মাসে বাড়ীওয়ালার বাসায় ইফতারের একটা ছবি ফেইসবুকে দেয়ায় মুনিয়ার ঢাকা অবস্থান পিয়াসা জেনে যাওয়ার পর শুরু হয় অন্য আয়োজন, যার পরিনতি মুনিয়ার মৃত্যু। কিন্তু এতো দিনেও মূল আসামি আনভীরকে গ্রেফতার না করায় উদ্বেগ প্রকাশ করছি। তাহলে আমরা কি বুঝে নিব, প্রশাসন তাদের হাতে জিম্মি ?
সংবাদ সম্মেলনে বলা হয়, মুনিয়া হত্যাকান্ড পরই দ্রুত দেশ ছাড়ে আনভীরের মাসহ পরিবারের অন্যান্য সদস্যগণ। যেহেতু ইতিপূর্বে আনভীরের মা হত্যার হুমকি দেয়ার পরমুনিয়া ঢাকা ছেড়ে চলে যায় এবং আবার ফিরে আসার পর তার ছেলে আনভীরের সাথে সম্পর্ক চলমান রাখে। এ ক্ষেত্রে আমরা মনে করি আনভীরের পরিবারের সদস্যরা এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে। এটা হত্যা না আত্মহত্যা তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মৃত্যুর আগে শারমিন সাহেদ ও মুনিয়ার বড়বোন তানিয়ার ফোন আলাপে মুনিয়ার মৃত্যু আশঙ্কায় উদ্বেগ, লাশ উদ্ধারের সময় রুমের দরজার অবস্থান, লাশের অবস্থান, রুমের পারিপার্শিক অবস্থা, ও মুনিয়ার লিখিত ডায়েরীসহ বিভিন্ন আলামত পর্যালোচনায় অবস্থাদৃষ্টে আমাদের কাছে মনে হচ্ছে এটা পরিকল্পিত হত্যাকান্ড।
চাঞ্চল্যকর মুনিয়ার হত্যার বিচারের দাবিতে এ সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয়, বসুন্ধরা গ্রুপের নানা অপকর্মের কথা বিভিন্ন গণমাধ্যমও ভুক্তভোগীর মাধ্যমে সকলেই অবগত। ইতিপূর্বে ও হত্যা, জমি দখলসহ নানা অনৈতিক কর্মকান্ড সংগঠিত করেছে। সমপ্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রীকে হুমকির একটি ভিডিও ক্লিপে প্রকাশ পায় যে, বসুন্ধরা গ্রুপ সরকারি জমি ও অন্য মানুষের জমি বিক্রি করে দেয় বেআইনীভাবে, যা করার কোন অধিকার তাদের আছে কি ? বসুন্ধরা আবাসিক এলাকার এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জনৈক ইব্রাহিম মিয়ার বসতভিটাসহ ১৮ বিঘা সম্পত্তি এক রাতের মধ্যে বালু ভরাট করে তাকে সর্বশান্ত করেছে। যার ফলশ্রতিতে উক্ত ব্যক্তির মৃত্যু হয়। এরকম অসংখ্য ক্ষতিগ্রস্থ পরিবার রয়েছে যারা বসুন্ধরা গ্রুপ কর্তৃক নির্যাতিত-নিপীড়িত হয়ে মানবেতর জীবন-যাপন করছে। তাদের স্বার্থ পরিপন্থি কিছু হলে নিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও হত্যা করতে দ্বিধাবোধ করে না।
সংবাদ সম্মেলন থেকে মুনিয়া হত্যা মামলার অগ্রগতি ও বর্তমান প্রেক্ষাপটে পাঁচটি দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো-১। অনতিবিলম্বে মুনিয়া হত্যা মামলার প্রধান আসামী বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। ২। মুনিয়া হত্যা মামলায় সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে আনভীরের মা, পিয়াসা এবং তার সহযোগী মিশু হাসান, বাড়ীর মালিক, নিরাপত্ত প্রহরী, গাড়ী চালকসহ সন্দেহভাজন সকল ব্যক্তিকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হোক। ৩। গণমাধ্যমকে অপব্যবহার করে বাদী ও মৃত মুনিয়ার চরিত্র হনন করার চেষ্টায় লিপ্ত বসুন্ধরা গ্রুপের সকল মিডিয়ার লাইসেন্স বাতিল করা হোক। ৪। ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ কর্তৃক জবরদখলকৃত ব্যক্তি ও সরকারি খাস জমি ভূমি মালিকদের ফেরত দেয়া হোক। ৫। আলোচিত মুনিয়া হত্যা মামলার অগ্রগতি সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মিডিয়া সেলের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হোক।
হুইপপুত্র শারুনের সঙ্গে মুনিয়ার কথিত সম্পর্ক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নুসরাত জাহান তানিয়া বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই। তার সঙ্গে আমাদের পরিবারের ঘনিষ্ঠতাও নেই। ঘটনার রাতে যে গাড়ীতে করে গুলশানে এসেছিলেন তার উত্স সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ভিকটিমের বড় বোন জানান, সেটি তার এক পরিচিত-স্বজনের। বিপদের সময় গাড়ীটি ওই দিন আমাকে দিয়েছিল। মুনিয়ার মৃত্যুর পর আনভীরের বিচার দাবি করলেও পাঁচ দিনের মাথায় অভিযুক্ত বসুন্ধরা এমডি আনভীরকে বাদ দিয়ে হুইপপুত্র শারুনকে আসামি করে মামলার আবেদন ও পরবর্তীতে রহস্যজনক ‘নিখোজ’ রয়েছেন বড় ভাই আশিকুর রহমান সবুজ। এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তানিয়া বলেন, পারিবারিক বিরোধের কারণে অনেকদিন ধরে আমার ভাইয়ের সঙ্গে আমাদের দুই বোনের সম্পর্ক নেই। তিনি কোন মহল থেকে প্রভাবিত হয়ে এ কাজ করতে পারেন। সুত্রঃ মানবকণ্ঠ